চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যা করার ঘটনা ঘটেছে।
স্ত্রীকে হত্যার পর তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় বলে জানা গেছে।
তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করতেন।
সূত্র জানায়, শনিবার ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেই বিরোধ ভয়াবহ রূপ নেয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে জহিরুল ইসলাম দুটি ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তারের মাথায় আঘাত করে তাকে হত্যা করেন।
ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত প্রায় এক মাস ধরে দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহ চলছিল।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
১০৪ বার পড়া হয়েছে