ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় বসতে যাওয়া এই সংসদের শুরুতেই রাজনৈতিক উত্তাপ তৈরি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণ, সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্কের সম্ভাবনা রয়েছে।
আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি। এ বিষয়টি নিয়েই প্রথম দিনের বৈঠকে উত্তাপ তৈরি হতে পারে বলে দল দুটি ইঙ্গিত দিয়েছে।
গতকাল সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে দলটি আলোচনা করেছে এবং আজ সংসদে তাদের ভূমিকা দৃশ্যমান হবে।
ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সনদের সংবিধান–সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন নিয়েও বিতর্ক বাড়তে পারে। বিএনপি এসব প্রস্তাব বাস্তবায়নে নিজেদের অবস্থান অনুযায়ী পরিবর্তনের কথা বললেও জামায়াত ও এনসিপি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় গঠিত এই সংসদকে কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যাশা রয়েছে। কারণ দশম, একাদশ ও দ্বাদশ সংসদ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়ায় সেগুলো একতরফা সংসদ হিসেবে সমালোচিত হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই অনুযায়ী আজ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন।
গতকাল জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ পরিচালনার লক্ষ্যে কাজ করবে এবং বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করছে।
সংবিধান সংস্কার নিয়ে বিতর্কের সম্ভাবনা
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয়। সংবিধান–সংক্রান্ত ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয় এবং এতে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়। সেই অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে ত্রয়োদশ সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে।
জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সদস্যরা এ পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি এ শপথ নেয়নি। ফলে পরিষদ গঠন প্রক্রিয়া শুরুতেই স্থবির হয়ে পড়ে।
জুলাই সনদের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা এবং ন্যায়পাল, সরকারি কর্মকমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করা।
তবে এসব প্রস্তাবের কিছু বিষয়ে বিএনপির ভিন্নমত রয়েছে। দলটি বলছে, তারা জুলাই সনদের চেতনা ধারণ করে এবং জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী নিজেদের নির্বাচনী ইশতেহারও বাস্তবায়ন করবে।
সংসদে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি চাইলে তাদের অবস্থান অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারবে। এতে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
ডেপুটি স্পিকার নিয়েও আলোচনা
জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট এবং উভয় কক্ষেই বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার মনোনীত হবেন। বিএনপি এ প্রস্তাবে সম্মত হলেও উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। দলটি বর্তমান সংসদে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে বিরোধী দল এ পদ গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ব্যতিক্রমীভাবে শুরু হবে অধিবেশন
সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার তা হচ্ছে না। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগের পর থেকে প্রকাশ্যে নেই এবং বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
চিফ হুইপ নূরুল ইসলাম জানান, স্পিকারের আসন খালি রেখেই অধিবেশন শুরু হবে। কোরআন তিলাওয়াতের পর সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন। তাঁর সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
প্রথম দিনের অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। এরপর অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন আইনমন্ত্রী। এগুলো যাচাই–বাছাইয়ের জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
প্রথম দিনের অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শেষ হবে।
সংসদে ৯ দলের প্রতিনিধিত্ব
জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি, যার মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন। এ আসনগুলোর নির্বাচন এখনো হয়নি। ৩০০টি সাধারণ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। দুটি আসনের ফলাফল উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি, যারা পেয়েছে ২০৯টি আসন। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং এনসিপি পেয়েছে ৬টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের দুইজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস থেকে একজন করে সদস্য নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র সদস্য রয়েছেন সাতজন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে জনগণ প্রত্যাশা করছে।
১৩০ বার পড়া হয়েছে