সংসদ অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সভাপতি পদ শূন্য রেখেই শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে তিনি অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে দেশের সব আন্দোলন-সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় দলটি। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয় এবং এ বিষয়ে দেশের মানুষের মধ্যে কোনো বিভেদ নেই।
২৫৭ বার পড়া হয়েছে