তানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বোলারদের দাপটে পাকিস্তানকে নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাট হাতেও তাণ্ডব চালান টাইগার ব্যাটাররা।
তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটির ওপর ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তরুণ পেসার নাহিদ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৪ রান করে এই ওপেনার ফিরলে ২৭ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তানজিদ হাসান তামিম।
তার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। মাত্র ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
এর আগে নতুন বলে মিতব্যয়ী বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। যদিও তারা শুরুতে উইকেট পাননি। পরে ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনের পরিবর্তে আক্রমণে এসে প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন নাহিদ। সাহিবজাদা ফারহানকে আফিফ হোসেনের ক্যাচে ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।
এরপর নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নিয়ে পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দেন নাহিদ। শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার।
নাহিদের পর উইকেট শিকারে যোগ দেন অধিনায়ক মিরাজও। আব্দুল সামাদ, হোসাইন তালাত ও শাহিন আফ্রিদিকে ফেরান তিনি। পরে দ্বিতীয় স্পেলে এসে উইকেট পান তাসকিন আহমেদ। তার বলে প্রথম স্লিপে শান্তর হাতে ক্যাচ দেন মোহাম্মদ ওয়াসিম।
৮২ রানে নবম উইকেট হারানোর পর পাকিস্তান একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে ফাহিম আশরাফ আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ পার করতে সহায়তা করেন।
শেষ পর্যন্ত ১১৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। এরপর তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ
১২৮ বার পড়া হয়েছে