ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফাতেমানগর এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে ট্রেনটি। পরে বিকল্প ইঞ্জিন সংযোজন করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় ট্রেনটিতে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন সংযোজন করে ট্রেনটি ফাতেমানগর স্টেশন ছেড়ে যায়।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের আউটার এলাকায় ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফাতেমানগর স্টেশনের আউটার এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ট্রেনের চালক ও সংশ্লিষ্ট স্টাফরা ত্রুটি মেরামতের চেষ্টা করেও সফল না হলে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে সেটিকে টেনে ফাতেমানগর স্টেশনে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে বেলা ১২টা ৫০ মিনিটে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের উদ্দেশে পাঠানো হয়। বর্তমানে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে