ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ১২ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১টি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানে সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
এ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে জানান তিনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং আজ ১১ মার্চ আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ও গালফ এয়ারলাইন্সের দুটি করে এবং এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, জাজিরা এয়ার ও ফ্লাই দুবাইয়ের চারটি করে ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে।
১৩৯ বার পড়া হয়েছে