কাল বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে অধিবেশনের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ বুধবার সকালে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। যদিও জামায়াতে ইসলামী এই পদ গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।
সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর তাদের বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের বসাতে চায় দলটি। স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম বেশি আলোচনায় রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুধবার অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথম দিনের কার্যসূচি
নতুন সংসদের প্রথম বৈঠকে কয়েকটি নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করা হয়। এর মধ্যে প্রধান হলো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করেন।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর প্রকাশ্যে আর দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এ পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকের শুরুতে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত কোনো সংসদ সদস্য এ দায়িত্ব পালন করতে পারেন। এ ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে।
সভাপতির সূচনা বক্তব্যের পর সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন। এ সময় অধিবেশনে সাময়িক বিরতি থাকবে। পরে নতুন স্পিকারের সভাপতিত্বে আবার অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং অধিবেশনজুড়ে এ প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম বৈঠকে উত্থাপনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ অনুমোদন না দিলে সেগুলোর কার্যকারিতা বাতিল হয়ে যাবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে সংসদে অনুমোদনের জন্য আনা হবে।
ডেপুটি স্পিকার পদে জামায়াতের সিদ্ধান্ত আজ
জুলাই জাতীয় সনদ অনুযায়ী আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হওয়ার কথা বলা হয়েছে। এতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ—উভয় কক্ষেই বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার মনোনীত করার প্রস্তাব রয়েছে।
বিএনপি ইতিমধ্যে নিম্নকক্ষের ডেপুটি স্পিকার পদটি জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে জামায়াত এটিকে বিএনপির অনুগ্রহ হিসেবে নয়, বরং জুলাই জাতীয় সনদের অধিকার হিসেবে দেখতে চায়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের দুটি ডেপুটি স্পিকার পদই জামায়াতের প্রাপ্য। বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করলে দলটি তাদের সিদ্ধান্ত জানাবে।
তিনি আরও জানান, বুধবার বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে ডেপুটি স্পিকার পদ গ্রহণসহ সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হতে পারে।
১৩১ বার পড়া হয়েছে