ফরিদপুরে হত্যা মামলায় উত্তরা থেকে তিন গ্রেফতার
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোর রশি নিয়ে বিবাদে জড়িয়ে মৃত্যু হলো জুয়েল (৪৫) নামে এক ব্যক্তির। ঘটনার দুই সপ্তাহের মধ্যে রাজধানীর উত্তরা এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তিন আসামিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোররাতে র্যাব-১০ ও র্যাব-১ যৌথ অভিযানে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) ও মো. কামাল শেখ (৪৫)-কে। প্রত্যেকের বাড়ি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায়।
পুলিশ জানায়, ২৭ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোর রশি টানাকে কেন্দ্র করে জুয়েলকে মারপিট করা হয়। গুরুতর আহত জুয়েল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরদিন নিহতের ভাই ফরিদপুর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, সন্ত্রাস, হত্যা ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান চালায়। আধুনিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
১২৭ বার পড়া হয়েছে