শ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কারারক্ষীর বিরুদ্ধে স্থানীয় এক ব্যবসায়ী পরিবারের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কারারক্ষী নাজমুল হাসান শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের বাসিন্দা। একই গ্রামের ব্যবসায়ী মনির হোসেনের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করে বলেন, নাজমুল হাসান ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাহিদামতো টাকা না দিলে ব্যবসা ও পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তার পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিছিন মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অভিযুক্ত কারারক্ষী নাজমুল হাসান পুলিশের সহায়তায় বিএনপি নেতাকর্মীদের ধরিয়ে দেওয়া এবং মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগে এলাকায় সমালোচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মনির হোসেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাজমুল হাসানের পরিবারের বাড়িতে গেলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১৯৪ বার পড়া হয়েছে