সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীরা মঙ্গলবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে বিপণন নীতি পরিবর্তন না হলে তারা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখবেন বলে জানিয়েছে। এর ফলে কয়েকটি পাম্প বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা ভোগান্তির মধ্যে পড়েছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন না করার সিদ্ধান্ত জানায়।
এর আগে সকালে নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে হামলা এবং মারধরের প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তাদের দাবি ছিলো—
পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার। স্বাভাবিক ও কার্যকর জ্বালানী বিপণন ব্যবস্থা পুনর্বহাল। সিলেট অঞ্চলে জ্বালানী সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত।
ধর্মঘট প্রত্যাহার করা হলেও, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীরা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখবেন বলে জানিয়েছেন।
১২৫ বার পড়া হয়েছে