সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে ফিরতে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির (ডিআরএসসি) সভা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে মঙ্গলবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মিজ্ আফরোজা আখতার।
সভায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ মশিউর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিক মোঃ মশিউর রহমান এবং নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ।
সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থান থেকে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে ফিরতে সকলকে আন্তরিকভাবে দায়িত্বশীল হওয়ার আহবান জানান। একই সঙ্গে ঢাকাগামী পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সাতক্ষীরা পৌরসভার ভিতরে নিবন্ধনকৃত ইজিবাইক ছাড়া অবৈধ যান চলাচল বন্ধ রাখা, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ার পর নির্দিষ্ট স্থানে থামার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে: সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রুট: সঙ্গীতা মোড়, সাতক্ষীরা-আশাশুনি রুট: উপজেলার মোড়, সাতক্ষীরা-খুলনা রুট: নারিকেলতলা মোড়, সাতক্ষীরা-যশোর রুট: কদমতলা বাজার।
সভায় সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঈদ চলাকালীন সময়ে নিরাপদ ও সুষ্ঠু সড়ক পরিবহন নিশ্চিত করার তাগাদা দেওয়া হয়।
১২৩ বার পড়া হয়েছে