মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে বিএনপি নেতা হাবিবুর রহমান বিশ্বাসের চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দিগরাজ রাজার এলাকায় স্থানীয় শতশত নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা যুবদল নেতা শেখ জিহাদুল ইসলাম মৃদুল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনি পাটোয়াড়ি, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক নুর নাহার বেগম।
বক্তারা অভিযোগ করেন, হাবিব চিহ্নিত চাঁদাবাজ এবং তিনি এলাকায় ঘের ও জমি দখলসহ তেল পাম্প, হোটেল ও দোকানপাট থেকে নিয়মিত চাঁদা নিচ্ছেন। এছাড়া তিনি মাতাল অবস্থায় স্থানীয় নারীদের কুপ্রস্তাব, গালিগালাজ ও অপমানজনক আচরণ করছেন। বক্তারা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাবিবকে বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মোংলা-রামপালের এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাঁদাবাজী, দখল, সন্ত্রাসী ও মাদক কার্যক্রম বরদাস্ত করা হবে না। তারা এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ও হাবিবকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
১১৭ বার পড়া হয়েছে