হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মব কালচার বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত করা হবে এবং সব ধরনের মব সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।
তিনি হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে উল্লেখ করে বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার বেলা ২টায় কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, পর্যটনের সৌন্দর্য্য রক্ষার উদ্দেশ্যে আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সকল অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সারাদেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযান রমজান মাসের পর শুরু হবে।
তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সরকারের অগ্রাধিকার। তাই এখানে কোন ধরনের ঝুপড়ি বা পলিথিন দোকান থাকতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং একই সাথে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ ক্রিমিনাল আইনের বাইরে থাকবে না। এটি সরকারের প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা। দেশের সকল ক্ষেত্রেই যাতে মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জনসাধারণের জন্য স্বস্তিকর হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। সারাদেশে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে সরকারের কর্মকান্ড চলমান থাকবে এবং সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এএমএম সাজেদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৬ বার পড়া হয়েছে