কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৭ হাজার ৮৬৩টি পরিবারকে মাথা পিছু ১০ কেজি হারে মোট ২৭৮.৬৩০ মেট্রিক টন চাল প্রদান করা হবে। এই কার্যক্রম আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে উপজেলার দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে সম্পন্ন হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ জানিয়েছেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সুবিধাভোগীদের তালিকা নির্ভুলভাবে তৈরি ও সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকছেদুল আলম জানিয়েছেন, ভিজিএফ চালের সুবিধাভোগীদের নামের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া এবছর প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র ২০০ পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ অনুযায়ী চাল, ডাল ও তেলসহ খাদ্য উপকরণ বিতরণ করা হবে।
মোকছেদুল আলম বলেন, “উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে কাজ করে যাচ্ছে। ঈদ-উল-ফিতরের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।”
১০৯ বার পড়া হয়েছে