চাঁদপুরে দেশীয় অস্ত্র ও পিকআপসহ তিন ডাকাত গ্রেফতার
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের তৎপরতায় দেশীয় অস্ত্র ও পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) হাজীগঞ্জ থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লা থেকে ডাকাতদল হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশ্যে আসছে এমন খবর পায় থানাটি। খবরের ভিত্তিতে পুলিশ রাত ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
রাত ১টা ৪০ মিনিটের দিকে টাটার নীল রঙের একটি ছোট পিকআপ আটক করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ডাকাতদল সদস্যরা পালানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। গ্রেফতারকৃতরা হলেন: মো: জাহেদ প্রকাশ জাহিদ (২৭), সোনাপুর, রামগঞ্জ- লক্ষ্মীপুর, মো: ইসমাইল হোসেন (৩৫), খুরুইল, মুরাদ নগর- কুমিল্লা, মো: মহসীন মিয়া, পিপিয়াকান্দি, দাউদকান্দি- কুমিল্লা।
পুলিশ উদ্ধার করেছে দেশীয় অস্ত্র ও সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ধারালো রাম, চাপাতি, ছুরি, লোহার কাটার, তিনটি লোহার রড, লোহার শাবল, পুরাতন গামছা, পাঁচটি ধারালো ব্লেড এবং তিনটি কালো মাস্ক। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত টাটার নীল রঙের পিকআপ জব্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জাব্বার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং পরবর্তীতে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।
১০৬ বার পড়া হয়েছে