পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ২১তম কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই কাউন্সিলে তৃষ্ণাঙ্কর চাকমাকে সভাপতি, প্রাঞ্জল চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুনীল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ মার্চ ২০২৬) খাগড়াছড়ি সদর এলাকায় দিনব্যাপী এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। শনিবার (৭ মার্চ ২০২৬) বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক রাজু ত্রিপুরা।
কাউন্সিলের আয়োজন দুই ভাগে বিভক্ত হয়ে প্রথম ও দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তারা "জাতীয় অস্তিত্ব ধ্বংসকারী সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে পিসিপির পতাকাতলে সমবেত হই" এই আহ্বানে কাউন্সিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
প্রথম অধিবেশনে খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।
কাউন্সিলে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি ইউনিটের অন্যতম সংগঠক লালন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরণ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ক্যচিংহ্লা মার্মা প্রমুখ।
বক্তারা বলেন, জন্মলগ্ন থেকে পিসিপি দমন-পীড়নের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে। তারা জানান, অস্তিত্ব রক্ষার লড়াই ও নিপীড়ন-বঞ্চনা থেকে মুক্তির লড়াই চালানোই একমাত্র পথ। বাঁচার মতো বাঁচতে হলে সংগ্রামই একমাত্র মুক্তির পথ। শুধুমাত্র ভরি ভরি সার্টিফিকেট ও ডিগ্রি অর্জন করে অধিকার অর্জন হবে না। অধিকার অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বক্তারা জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানান। পাহাড়ি ছাত্র পরিষদ প্রতিষ্ঠার পর থেকে পাহাড়ে নিপীড়িত জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আপোষহীন লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে, এ বিষয়টিও কাউন্সিলে উল্লেখ করা হয়।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পুরনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে প্রস্তাবনা আকারে তৃষ্ণাঙ্কর চাকমাকে সভাপতি, প্রাঞ্জল চাকমাকে সাধারণ সম্পাদক এবং সুনীল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটি উপস্থাপন করা হয়। উপস্থিত প্রতিনিধিরা করতালির মাধ্যমে প্রস্তাবিত কমিটিকে পাশ করেন। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান শান্ত চাকমা।
১১৯ বার পড়া হয়েছে