আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় ডাক্তারদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় হাসপাতালের ২১ জন ডাক্তারদের মধ্যে ৫ জন ছুটিতে থাকায় ১৬ জন ডাক্তার উপস্থিত ছিলেন, তবে উপস্থিত ১৬ জনের মধ্যে ৮ জন ডাক্তার সময়মতো ছিলেন না। এর মধ্যে ২ জন ডাক্তার নির্ধারিত সময়ের পরে আসেন।
মন্ত্রী হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড, ডাক্তারদের চেম্বারসহ সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “গত ৫ মার্চ সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে উল্লেখ করা হয় হাসপাতালের ডাক্তাররা সময়মতো উপস্থিত নন। এর বিপরীতে ডাক্তাররা স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন তারা উপরে ছিলেন, আর সংবাদকর্মীরা নিচে ছিলেন। ঘটনার সত্যতা যাচাই করার জন্যই আজকের আকস্মিক পরিদর্শন। আমরা দেখছি যা শুনি, তা কি সত্য, নাকি এর বাইরে কিছু রয়েছে, এবং মানুষ কি সেবা পাচ্ছে কি না। আজকে এসে সত্যতা পেয়েছি, তবে নিজেরাই হতাশ হয়েছি। যেখানে মাত্র ২৪ ঘন্টা আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আশা করছিলাম সকল ডাক্তার নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবেন। কিন্তু তা পাইনি।”
মন্ত্রী আরও জানান, “এই হাসপাতালে মোট ২৭টি ডাক্তারী পোস্ট রয়েছে, কর্মরত ডাক্তার আছেন ২১ জন। আজ আমরা ১৬ জনের মধ্যে ৮ জন ডাক্তার উপস্থিতি পেয়েছি। কিন্তু এই ৮ জনের মধ্যে ২ জন নির্ধারিত সময়ের পরে আসেন।”
তিনি বলেন, “ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেই সেবা ডাক্তারদের মাধ্যমে পৌঁছানো হবে। তবে যারা সময়মতো উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রী আরও যোগ করেন, “আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা ক্রয় করছি। প্রতিটি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের সব উপজেলায় রেবিক্স টিকার কোনো সমস্যা হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
১২৫ বার পড়া হয়েছে