ঐতিহাসিক ৭ মার্চ আজ: বাঙালির স্বাধীনতার প্রেরণার দিন
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালির স্বাধীনতা সংগ্রাম নতুন গতি পায়।
১৯৭১ সালের ৭ মার্চ লাখো মানুষের উপস্থিতিতে জাতির জনক শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তাঁর বজ্রকণ্ঠে উচ্চারিত সেই অমর বাণী— “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”— মুহূর্তেই সারা দেশে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে।
সেদিন ঢাকার রেসকোর্স ময়দান পরিণত হয়েছিল জনসমুদ্রে। দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য ঢাকায় সমবেত হন। মানুষের মুখে মুখে ধ্বনিত হয় স্বাধীনতার স্লোগান, আকাশ-বাতাস কেঁপে ওঠে লাল-সবুজ পতাকার মিছিলে। এই ভাষণ নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র সংগ্রামের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তোলে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরপরই পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তোলে এবং বাঙালিদের ওপর দমন-পীড়নের পরিকল্পনা শুরু করে। পরবর্তীতে ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালালে শুরু হয় মুক্তিযুদ্ধ।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।
ঐতিহাসিক এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। ২০১৭ সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়।
স্বাধীনতার ইতিহাসে অনন্য এই দিনটি আজও বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনা ও প্রেরণায় উজ্জীবিত করে চলেছে।
১৫২ বার পড়া হয়েছে