ইরাকের কুর্দিস্তানে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর যুবকের মৃত্যু
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীর দেবীপুরের এক তরুণ মেহেদী হাসান নাহিদ (২১) মাত্র পাঁচ মাস আগে পরিবারের ভাগ্য বদলানোর আশায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে পাড়ি জমান।
কিন্তু স্বপ্ন পূরণের আগেই খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি ও আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত নাহিদ দেবীপুর বিসিক শিল্পনগরীর মৃধা বাড়ির বাসিন্দা এবং মোহাম্মদ মাহবুবুল হকের একমাত্র ছেলে। পরিবারের একমাত্র সন্তান হিসেবে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ গত বছরের অক্টোবর মাসে বাবার সঙ্গে কাজের সন্ধানে ইরাকে যান। মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর তিনি ও আরও তিন বাংলাদেশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হলেও রাতেই নাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (৪৫) ও তার ছেলে মো. সাব্বির (২২) মারা যান।
নাহিদের পরিবার সন্তানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ লাখ টাকা ঋণ করে তাঁকে প্রবাস পাঠানো হয়েছিল। মাত্র পাঁচ মাসের মধ্যেই তিনি জীবনের সব স্বপ্ন ভেঙে দেশে ফিরছেন লাশ হয়ে।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে নিহতদের জন্য সহায়তা চাওয়া হয়েছে।
১৪৩ বার পড়া হয়েছে