উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে পড়ে এবং বাসার ভেতরের আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে যায়।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধরা হলেন—মোটরসাইকেল চালক রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং আরেক স্বজন রুবেল (৩৫)।
পরিবারের সদস্যরা জানান, এনায়েত সম্প্রতি দুবাই থেকে দেশে এসে মাদারীপুরের শিবচর থেকে পরিবারের সদস্যদের নিয়ে উত্তরার বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
একই ভবনের চতুর্থ তলার বাসিন্দা ও দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর বলেন, হঠাৎ বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। বাইরে বের হয়ে তিনি দেখেন দ্বিতীয় তলার বাসার দেয়াল ধসে পড়েছে এবং ভেতরে থাকা সবাই আগুনে ঝলসে গেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে আগুন জ্বালানোর সময় স্ফুলিঙ্গ থেকে এই বিস্ফোরণ ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১০ জনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
১২৭ বার পড়া হয়েছে