নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সম্ভাব্য সংঘাত মোকাবিলায় দেশটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহারের ইঙ্গিতও দিয়েছে বাহিনীটি।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি এক বিবৃতিতে বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ও প্রস্তুতি অর্জন করেছে।
তিনি জানান, ‘ট্রু প্রোমিজ ৪’ অভিযানের আওতায় এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা পরিচালিত হয়েছে, তা ইরানের সামরিক শক্তির কেবল একটি ছোট অংশমাত্র।
নায়েইনি আরও বলেন, ইরানের হাতে নতুন উদ্যোগ ও আধুনিক অস্ত্র প্রযুক্তি রয়েছে, যা এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। ভবিষ্যতের প্রতিটি সামরিক অভিযানে শত্রুপক্ষকে কঠোর আঘাতের মুখে পড়তে হবে বলেও তিনি সতর্ক করেন।
এদিকে একই সময়ে ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিব শহরের দিকে ‘খাইবার’ নামের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের মতে, এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করেছে।
১২৮ বার পড়া হয়েছে