ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ এবং পণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং ব্যাচ নম্বর না থাকার অভিযোগে একটি সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও সুগারমিল মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স সোনামণি ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার পাশাপাশি পণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ব্যাচ নম্বর না থাকার সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিহারঞ্জন রায়, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক জানান, অভিযুক্ত ব্যবসায়ী অভিযোগ স্বীকার করায় তাকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়নি। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করলে কৃষকদের ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই এ ধরনের অনিয়ম ঠেকাতে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
১০৬ বার পড়া হয়েছে