কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুক পোস্ট নিয়ে নির্যাতনের পর নিহত যুবক ইদ্রিস আলীর মৃত্যুর ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা জহিরুল ইসলামের ফাঁসির দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া ইসলামী আন্দোলনের আয়োজনে কুমারপোর্টস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের কর্মী ইদ্রিস হত্যায় জড়িত জহিরুল ইসলাম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
এই ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপরাধের দায়-দায়িত্ব দল নেবে না এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখার অনুমতি নেই।
ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি। অভিযোগ অনুযায়ী, জহিরুল ইসলামের ছবি সংবলিত একটি রান্নার পোস্টে ইদ্রিস আলী একটি কমেন্ট দেন। কমেন্টে লেখা ছিল, “রাতে গরু চুরি, দিনে রান্না।” এই কমেন্টের জের ধরে ইদ্রিসকে যুবদল নেতারা অফিসে ডেকে নিয়ে মারধর করেন। মারধরের কারণে ইদ্রিস অসুস্থ হয়ে পড়েন এবং ২ মার্চ মৃত্যুবরণ করেন। নিহতের স্ত্রী ও দুই সন্তান পরদিন তার মরদেহ নিয়ে কলাপাড়া থানায় পৌঁছে বিচার দাবী করেন।
১৭৪ বার পড়া হয়েছে