সুন্দরবনে বড় জাহাঙ্গীরের সক্রিয় ডাকাত আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর একজন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক হয়েছেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (৩ মার্চ) জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টায় মোংলা বেইস, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা ও পুলিশের যৌথ অভিযানে কয়রা থানার নারায়ণপুর এলাকায় আফজাল সরদার (৩২) নামে ডাকাত সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সকাল ১১টায় মোংলা থানার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি শট গান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটক ডাকাত আফজাল সরদার খুলনার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি ও অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ডাকাত এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদকে আইনী প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। এছাড়া তারা সতর্কবার্তা দিয়েছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
১৩১ বার পড়া হয়েছে