গোপালগঞ্জে সঠিকভাবে কাজ হবে কিনা- এ নিয়ে কোনো শঙ্কা নেই : এমপি
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশের অন্য কোনো দ্বীপ জেলা নয়, বরং এটি দেশের গুরুত্বপূর্ণ অংশ।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া দেশের বাইরে কোনো উপজেলা নয়; এখানে সঠিকভাবে কাজ হলে কোনো শঙ্কার কারণ নেই। তিনি বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার, এবং এই অঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট মোকাবিলায় নতুন জলাধার নির্মাণে অগ্রগতি হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) সকালে এবং বিকালে টুঙ্গিপাড়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি জিলানী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়নের জন্য কোনো ছাড় দিচ্ছেন না। দেশের অন্যান্য উন্নত জেলার মতো গোপালগঞ্জেও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব। দপ্তরপ্রতিষ্ঠানের দায়িত্বশীলরা যদি কোনো সমস্যা বা দুর্বলতা দেখেন, তবে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানান।
সংসদ সদস্য আরো জানান, এই অঞ্চলে ডিপ টিউবওয়েল স্থাপন সম্ভব নয় ভূগর্ভস্থ পানির সীমাবদ্ধতার জন্য। বিকল্প হিসেবে সরকার উচ্চ জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা দেশের সম্পদ। এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সুরক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে। হাসপাতালের বিভিন্ন সমস্যা যেমন জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও সরঞ্জামের ঘাটতি থাকলে তা দূর করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। সভা শেষে এমপি জিলানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ও পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এছাড়াও, দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া এলাকায় ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি। পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
৩৯৮ বার পড়া হয়েছে