সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি পুকুরের মাছ ধরা নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
নিহতরা হলো, এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং জামতৈল গ্রামের মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)। তারা দুজনই বিএনপির সিদ্দিক গ্রুপের সদস্য ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে একজনের মৃত্যু হয়, এরপর অন্যজনের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও আওয়ামী লীগের সমর্থক আসমত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আজ সোমবার সকালে পুকুরে জাল ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
মাধাইনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত ব্যক্তিরা বিএনপি সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
৪৫৪ বার পড়া হয়েছে