নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা: ২ শ্রমিক নিহত, ১ আহত
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে এক গ্রাফ নিচে পড়ে গেলে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম ঘাটে মালামাল আনলোডের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাইকম ঘাটে জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের নিচে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে একটি গ্রাফ নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়ারের ছেলে আলামিন (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ারের ছেলে আমিন মিয়া (২৬) মারা যান। এই দুর্ঘটনায় মিশু নামের আরও একজন শ্রমিক আহত হন।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, “ক্রেনের গ্রাফ পড়ার ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছে। আমরা নিহতদের পরিবারকে দ্রুত খবর দেওয়ার চেষ্টা করছি।”
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্রেনের তার ছিঁড়ে যাওয়ার পেছনে কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
১০৪ বার পড়া হয়েছে