রাজশাহীতে হত্যা মামলার আসামি মাসুম বিল্লাহ নিখোঁজ, অপহরণের আশঙ্কা
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ (২৭) নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের উদ্বেগ বাড়ছে। গত ২০ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্বজনরা ধারণা করছেন, মামলার বাদীপক্ষ বা অন্য কোনো পক্ষ তাকে অপহরণ করে থাকতে পারে।
মাসুম নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। গত ৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরার পর তিনি বাড়ি ফেরেননি। তার পরিবার জানায়, হাজিরা শেষে মাসুম গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাওয়ার কথা জানিয়েছিলেন। রাত পর্যন্ত তিনি বাসায় না ফেরায় তার মা রাবেয়া বেগম মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়।
মামলার বাদীপক্ষের পক্ষ থেকে পূর্বে মাসুমকে বিভিন্নবার হুমকি ও তুলে নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ১১ ফেব্রুয়ারি রাবেয়া বেগম রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, “আমরা স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করছিলাম। আলোচনা চলছিল। এর মধ্যেই হাজিরার দিন আমার ভাই নিখোঁজ হয়। এখনো তার কোনো খোঁজ নেই। আমরা খুব দুশ্চিন্তায় আছি। তার সন্ধান চাই।”
২০২২ সালে গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে ছাগল দিয়ে জমির ফসল খাওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে মামুন-অর-রশিদ নামে এক যুবক আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের মামলায় মাসুম বিল্লাহ প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত ছিলেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো মাসুম বিল্লাহর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মুঠোফোন কললিস্ট বিশ্লেষণের জন্য আবেদন করা হয়েছে। তথ্য পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছি।”
১০৪ বার পড়া হয়েছে