ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে তাঁকে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ ছয় দিন লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে চলে যান বলে জানা যায়। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে সম্প্রতি কলকাতায় যান তাঁর মেয়ে জাকিয়া ইসলাম।
প্রবীণ আইনজীবী জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামে পরিচিত ছিলেন।
সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে তাঁর বাড়ি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফনের ইচ্ছা রয়েছে। এ বিষয়ে দুই দেশের সরকারের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলছে।
জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান, যিনি যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বলেন- পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রামে এনে দাফনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে