পাঁচবিবি সীমান্তে সোনার চালান জব্দ, একজন আটক
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে আটক করেছে ২০ বিজিবি।
আটক ব্যক্তি পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। শনিবার সকালে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্ত এলাকা থেকে স্বর্ণের চালানটি জব্দ করে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানানো হয়েছে।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমানকে সন্দেহজনক মনে করলে তাকে তল্লাশি করা হয়। এই তল্লাশিতে বাইসাইকেলের ছিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক মতিয়ার রহমানের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে