খুলনার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চান খ্রিস্টান নেত্রী সুজানা জলি
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় সংরক্ষিত ৫০টি নারী আসনের বণ্টন নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা।
নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, জোটের শরিকদের মধ্যে বিএনপি পেতে পারে ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ১টি এবং স্বতন্ত্র সদস্যরা ১টি আসন।
আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন শুরু হলে সংসদ সচিবালয় সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠাবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। তবে এরই মধ্যে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে দলীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন রাজপথে সক্রিয়, আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী এবং সৎ ও শিক্ষিত নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। খুলনার সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে একাধিক নেত্রী তৎপরতা শুরু করেছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি ও খ্রিস্টান সম্প্রদায়ের নেত্রী সুজানা জলি। খুলনার খালিশপুরে জন্ম ও বেড়ে ওঠা এ নেত্রী বর্তমানে নগরীর গল্লামারীতে বসবাস করছেন। নব্বইয়ের দশকে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের নেতৃত্বে সক্রিয় ছিলেন তিনি। ২০১৬ সালে খুলনা জেলা মহিলা দলের সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন বলে দাবি করেন সুজানা জলি। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেওয়া এবং রাজনৈতিক চাপের মুখে পরিবারের ভোগান্তির কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বর্তমানে খুলনা মহানগর খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি, খুলনা সম্মিলিত নারী অধিকার ফোরামের সদস্য এবং ইয়ং উইমেন অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত।
মনোনয়ন প্রসঙ্গে সুজানা জলি বলেন, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে বিশ্বাসী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করছেন। সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তিনি দল ও জনগণের সেবা করতে চান। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খুলনার রাজনৈতিক অঙ্গনে এখন নজর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ার দিকে। কে পাচ্ছেন দলীয় সমর্থন—তা জানতে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
২৩২ বার পড়া হয়েছে