মহিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী জেলার মহিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মৃধা (৩৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।
শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে মহিপুর থানার অধীন ডালবুগঞ্জ ইউনিয়ন-এর পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শরীরের যন্ত্রণা নিয়ে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাসেল মৃধার দাবি, ২০২০ সালের এক রাতে তিনি তার চাচাতো ভাই শামীম মৃধার স্ত্রীকে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখতে পান। এ সময় তিনি ওই ব্যক্তিকে মারধর করেন। সেই ঘটনার জের ধরে শামীম মৃধা ও তার পরিবারের সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হয়ে আছেন বলে অভিযোগ করেন তিনি। রাসেলের ভাষ্য অনুযায়ী, জমিজমা বা অন্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই।
রাসেল আরও জানান, শুক্রবার রাতে পূর্ব ডালবুগঞ্জ গ্রামের বেতকাটা আলহেরা জামে মসজিদে তারাবির নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে বন্ধু বেল্লালও ছিলেন। মসজিদ থেকে কিছু দূর এগোতেই শামীম মৃধার সঙ্গে তাদের দেখা হয়। এ সময় শামীম তাকে গালমন্দ করতে শুরু করেন এবং ডাকাডাকি করেন। একপর্যায়ে শামীমের ভাই রুবেল মৃধা, ছেলে সৌরভ ও ভাইয়ের ছেলে রাফি সেখানে এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন রাসেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে, অভিযুক্ত শামীম মৃধা ও রুবেল মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, বেতকাটা আলহেরা জামে মসজিদের ইমামকে কেন্দ্র করে রাসেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, বর্তমান ইমাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন এবং তার কোনো ত্রুটি না থাকলেও রাসেল তাকে সরিয়ে দিতে চান। এ বিষয় নিয়ে শুক্রবার রাতে রাসেলের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে বলে তারা স্বীকার করেন। তবে তারা বলেন, রাসেল তাদের মানহানি করার উদ্দেশ্যে ভিন্ন ঘটনা প্রচার করছেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬১ বার পড়া হয়েছে