নেত্রকোণায় এসি বিস্ফোরণে দোকানে আগুন, ব্যবসায়ী রাজু সাহা গুরুতর দগ্ধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণা শহরে একটি দোকানে এসি বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন লেগে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। আগুনে দোকানের ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা শহরের আখড়া মোড় এলাকায় অবস্থিত হেনা ডিজিটাল ল্যাবে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যবসায়ী হলেন শহরের নিউটাউন এলাকার বাসিন্দা মানিক সাহার ছেলে রাজু সাহা (৪৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতাল-এ নিয়ে যান।
নেত্রকোণা ফায়ার সার্ভিস-এর স্টেশন অফিসার খানে আলম জানান, সকালে দোকান খুলে ভেতরে প্রবেশ করে বিদ্যুতের সুইচ অন করেন ল্যাবের মালিক রাজু সাহা। এ সময় দোকানে থাকা দুটি এসি একসঙ্গে বিস্ফোরিত হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, রাজু সাহার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। নেত্রকোণা সদর হাসপাতাল-এর চিকিৎসা কর্মকর্তা বৃষ্টি আক্তার জানান, অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
আগুনে হেনা ডিজিটাল ল্যাবের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
২৬৯ বার পড়া হয়েছে