অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থার নির্দেশ রবিউল আলমের
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে অনিয়ম বা ঘাট-টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি জানান, এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট নিয়ে অনিয়ম কিংবা ঘাট ও টার্মিনালে চাঁদাবাজির কোনো সুযোগ রাখা হবে না। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে পণ্য খালাসে বিলম্ব ঘটিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একটি জাহাজে গম খালাস না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বাড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে।
এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জ নদী বন্দরে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো ও ভবনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে যাত্রীসেবা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন।
১২৪ বার পড়া হয়েছে