আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গলাচিপা–দশমিনায় তিনি এমপি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত।
অনেকেই এলাকায় থাকতে পারতেন না, ঘরে ঘরে আগুন জ্বলত, ব্যবসা-বাণিজ্য ও দোকানপাটে ভাঙচুর হতো এবং অনেককে হাসপাতালে থাকতে হতো বলে মন্তব্য করেন তিনি। তবে সংসদ সদস্য হওয়ার পর থেকে এলাকার পরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বিভাজনের রাজনীতি নয়, ঐক্য ও সম্প্রীতির রাজনীতি চান বলেও জানান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় এসে গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে বিকেল ৫টায় আয়োজিত মতবিনিময় সভা ও গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, তারা প্রতিহিংসার রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। নিজেদের অঙ্গীকার অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করেছে এবং ব্রিজের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। প্রতিহিংসার বদলে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন বলেও উল্লেখ করেন।
গলাচিপা–দশমিনার পিছিয়ে পড়া ও অনুন্নত জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চান জানিয়ে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নই তাদের অগ্রাধিকার। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মাণ, স্কুল-কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, ভবন নির্মাণ এবং হাসপাতালে সেবার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর এলাকায় উন্মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া যাবে না—এ বিষয়ে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার আগেই তাঁর কার্যালয়ে পৌঁছে যান। এটি লোক দেখানো বা মিডিয়ায় প্রচারের জন্য নয়; প্রতিদিনই তিনি সকাল ৯টার আগে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বলে দাবি করেন তিনি। দিনের শুরু দেখে যেমন দিন কেমন যাবে বোঝা যায়, তেমনি সরকারের শুরু দেখেও সরকারের কার্যক্রম সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সরকারি দপ্তরে সকালেই কার্যক্রম শুরু হলে জনগণ সহজে সমস্যার সমাধান পাবে এবং অফিস-আদালতে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম ও এনিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।
১২৭ বার পড়া হয়েছে