পাবনায় পৃথক স্থান থেকে দাদী-নাতনির মরদেহ উদ্ধার
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়ায় দাদীকে হত্যার পর নাতনিকে অপহরণ করে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার বাসিন্দা সুফিয়া খাতুন এবং তাঁর নাতনি জামিলা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে সুফিয়া খাতুনকে হত্যা করে। পরে তাঁর নাতনি জামিলা আক্তারকে অপহরণ করে বাড়ির পাশের একটি গমক্ষেতে নিয়ে যায়।
পরদিন সকালে পৃথক স্থান থেকে দাদী ও নাতনির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জামিলা আক্তার দাশুড়িয়া কালিকাপুর আব্দুল জব্বার খাঁ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১২৭ বার পড়া হয়েছে