জয়পুরহাটে কষ্টিপাথরের দুই বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকার দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি বড় ও একটি ছোট আকারের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
আটক শহিদুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বিজিবি জানায়, গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বস্তার ভেতরে অবৈধ প্রত্নসম্পদ থাকার কথা স্বীকার করেন তিনি।
উদ্ধার হওয়া বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৭০ হাজার টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মূর্তি ও আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১৩২ বার পড়া হয়েছে