ট্রেনের ধাক্কায় ট্রাক বাড়ির ওপর, দাদি-নাতি আশঙ্কাজনক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী নগরীতে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি কাঠবোঝাই ট্রাক ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কাঠবোঝাই ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় লাইনের ওপর আটকে যায়। চালক একাধিকবার চেষ্টা করেও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। পরে তিনি ও হেলপার নেমে গেলে ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি আইআর শাটল ট্রেন দ্রুতগতিতে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ছিটকে পাশের একটি বাড়ির ওপর গিয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দাদি ও তাঁর নাতি গুরুতর আহত হন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে বাড়ির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত দুজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।
১৫২ বার পড়া হয়েছে