কারাগারেই নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে নতুন একটি হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাটি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে কারাগারে থাকায় আদালতের নির্দেশে তাকে এ মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এর একটি শাখার নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক দগ্ধ হয়ে নিহত হন। ঘটনার ১০ দিন পর, ৩০ জুলাই কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ আদালতে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে আনুষ্ঠানিকভাবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার একাধিক হত্যা ও সহিংসতার মামলায় আইভী জামিন পান। ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলাসহ সদর মডেল থানার একটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আদালত তাকে জামিন দেন। তবে উচ্চ আদালতে জামিন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উচ্চ আদালত থেকে জামিন পেলেও আপিল বিভাগে তা স্থগিত হওয়ায় তার মুক্তি মেলেনি।
নতুন এ মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত শেষে অভিযোগের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
১৩৯ বার পড়া হয়েছে