জাতীয়তাবাদী তরুণদল নাটোর জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল-এর নাটোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন।
জেলা তরুণদলের সদস্য-সচিব মোজাম্মেল হক বাবুর সঞ্চালনায় এবং আহ্বায়ক এস এম আব্দুর রউফ টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজনীতিতে সংখ্যার চেয়ে গুণগত মানকে প্রাধান্য দিতে হবে। দেশ ও জাতির কল্যাণে মেধাসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “কোয়ান্টিটি নয়, কোয়ালিটি সম্পন্ন রাজনীতিবিদ তৈরি করতে হবে। মেধা ও মননের বিকাশ ঘটিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
তরুণদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “মেধাসম্পন্ন ৫০ জন ব্যক্তি ৫০০ জনের চেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিবর্তন নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। আমি নিজে পরিবর্তিত হলে সমাজেও পরিবর্তন আসবে।”
তিনি ভবিষ্যতেও তরুণদলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যেকোনো প্রয়োজনে তিনি তাদের সঙ্গে থাকবেন।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
২৫৮ বার পড়া হয়েছে