নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুলাল নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতের দিকে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল স্থানীয় জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন এবং পেশায় মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, বাড়ির সীমানা প্রাচীর টপকে সাজিত নামে এক যুবক এসে দুলালকে পিঠে থাপ্পড় দেন। বিষয়টি প্রথমে দুষ্টামি হিসেবে নিলেও দুলাল পাল্টা থাপ্পড় দিলে উত্তেজনা তৈরি হয়। পরে সাজিত তার পরিবারের কাছে মারধরের অভিযোগ করলে দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে ওঠে। এক পর্যায়ে সাজিতের পরিবারের লোকজন দুলালের ছেলে ওসমান গনিকে মারধর করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে দুলালকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ স্বজনদের।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুলাল আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
১৪১ বার পড়া হয়েছে