ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে তার গাড়িবহর মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের বিভাজকে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়।
এ ঘটনায় এমপি নুরুল আমিন আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়।
গাড়িচালক মনির হোসেন জানান, হঠাৎ সামনে মোটরসাইকেল চলে আসায় দুর্ঘটনাটি ঘটে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, বিকেলে কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।
১৭৪ বার পড়া হয়েছে