প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমন, লিপুর চুক্তি শেষে নতুন দায়িত্ব
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন-কে নিয়োগ দিয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র সঙ্গে বোর্ডের দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত আগেই বিসিবিকে জানান। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজতে তৎপর হয় বোর্ড।
অবশেষে অভিজ্ঞতা ও পূর্বের সফল দায়িত্ব পালনের বিবেচনায় হাবিবুল বাশার সুমনের ওপর আস্থা রাখে বিসিবি। এর আগে তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও এবার আবারও গুরুত্বপূর্ণ এই পদে ফিরলেন সাবেক এই অধিনায়ক। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বোর্ডের এই সিদ্ধান্তে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও দল গঠনে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
১২০ বার পড়া হয়েছে