গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি টিনশেড মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৪টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মসজিদের ভেতরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। অগ্নিকাণ্ডের সময় মসজিদের ভেতরে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে