যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তিনি দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সলঙ্গায় র্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ইসমাইল হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব কর্মকর্তা।
এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিকে সোমবার দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২২৫ বার পড়া হয়েছে