কুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে রমজান মাসে ক্যারম খেলা ও টেলিভিশন প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় বাজার পরিদর্শনের সময় পুলিশের এক কর্মকর্তা স্থানীয় এক চা দোকানিকে এ নির্দেশ দেন। এ সময় তাঁর সঙ্গে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মসিউল আজম সাদা পোশাকে এক চা দোকানিকে উদ্দেশ করে বলেন, রমজান মাসে তারাবির সময়সহ পুরো মাস কোনো ক্যারম খেলা বা টিভি চলবে না। তিনি অভিযোগ করেন, আগে বাজার কমিটিকে এ বিষয়ে জানানো হলেও তা মানা হয়নি। একপর্যায়ে তিনি ক্যারম বোর্ডের দিকে এগিয়ে যান।
ভিডিওতে দেখা যায়, পাশে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্য আমির হামজা বলেন, নামাজের সময় যেন এসব কার্যক্রম না চলে এবং রমজান মাসের মর্যাদা রক্ষা করা হয়।
চা দোকানি রমজান বলেন, তাঁর দোকানে অল্প কয়েকজন নিয়মিত বসেন এবং তারা মাঝে মাঝে টিভি দেখেন। স্থানীয় ইউপি সদস্য কাশেমও ঘটনাস্থলে এসে হঠাৎ করে সবকিছু বন্ধ করে দেওয়ার বিষয়ে আপত্তি জানান। তিনি বলেন, তরুণদের বিনোদনের প্রয়োজন রয়েছে; তবে অর্থের বিনিময়ে ক্যারম খেলা সমর্থনযোগ্য নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসআই মসিউল আজম মাঝে মধ্যে মসজিদে ওয়াজ করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের বিষয় এবং কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দাবি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি এমন কথা বলেছেন।
তবে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ধরনের কোনো নির্দেশনা অধস্তন কর্মকর্তাদের দেওয়া হয়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিনও বলেন, এটি কোনো আনুষ্ঠানিক পুলিশি নির্দেশ নয়। রোজার দিনে চায়ের দোকান খোলা রাখা আইনগত অপরাধ নয়; এটি ব্যক্তিগত অনুভূতি ও সামাজিক বিবেচনার বিষয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ রমজানের মর্যাদা রক্ষার পক্ষে মত দিলেও, কেউ কেউ ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক বাস্তবতার দিকটি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন।
১৩৫ বার পড়া হয়েছে