চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেফতার
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় অবস্থিত রায় গোবিন্দ মন্দিরে হামলা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মো. শাকিল হোসেন রহেদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই পলাশ অধিকারী।
গ্রেফতার হওয়া শাকিল শহরের ১নং কলোনী এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তি মন্দির প্রাঙ্গণে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গালিগালাজের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।
এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫(ক) ধারাসহ সংশ্লিষ্ট অন্যান্য ধারায় একটি মামলা (নং-২৭) দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, মন্দিরের ক্ষয়ক্ষতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে।
রোববার ধৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২৪ বার পড়া হয়েছে