ভাষা শহীদদের স্মরণে সখিপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের সখিপুরে প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার হাতিবান্ধা গ্রামে দিনব্যাপী এই চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ সামাদ, যিনি আলোচনা সভাতেও সভাপতিত্ব করেন। ক্যাম্পে সখিপুরসহ আশপাশের উপজেলার প্রায় সাড়ে তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় এবং চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রায় তিনশ’ রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি “সাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা” শীর্ষক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যাপক ডাঃ এম এ সামাদ বলেন, “কিডনি রোগের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত। প্রতি ঘন্টায় পাঁচজন কিডনি রোগে মারা যাচ্ছে। সাধারণত রোগীদের ৭৫% কিডনি নষ্ট হওয়া পর্যন্ত তারা বুঝতে পারে না যে তারা আক্রান্ত।”
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কুমুদিনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোঃ আব্দুল হালিম, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ আমিন শরীফ, পরিবহন অডিট অধিদপ্তরের পরিচালক মোঃ আমিনুল এহসান কবির, ক্যাম্পসের সহ-সভাপতি নাসরিন বেগমসহ অন্যান্য বিশিষ্টজন। এ সময় ক্যাম্পসের প্রকাশনা ‘প্রয়াস ২২’ এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রায় দুই দশক ধরে হাতিবান্ধা গ্রামে ক্যাম্পস ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দুস্থ ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এই দিনটি উপলক্ষে স্থানীয়রা বিভিন্ন পসরা সাজিয়ে মেলার আয়োজনও করে থাকেন।
১২৬ বার পড়া হয়েছে