বান্দরবান কারাতে কোচ উক্যহ্লা মারমা অর্জন করলেন ‘এ’ গ্রেড লাইসেন্স
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের ক্রীড়া অঙ্গনে গৌরবের দিন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কোচ লাইসেন্সিং পরীক্ষায় ‘এ’ গ্রেড অর্জন করেছেন বান্দরবান কারাতে ক্লাবের কোচ উক্যহ্লা মারমা।
এই স্বীকৃতি দেশের কারাতে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
৩০ ও ৩১ জানুয়ারি বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত এই লাইসেন্সিং পরীক্ষা World Karate Federation (ডব্লিউকেএফ) এর নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। কঠোর লিখিত ও ব্যবহারিক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য কোচরা বাছাই করা হয়।
ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম সভাপতিত্বে, নির্বাহী সদস্য শামসের আলম ভূঁইয়া সঞ্চালনায় ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর ডাচ-বাংলা অডিটোরিয়ামে সার্টিফিকেট ও পরিচয়পত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের কোচ তৈরি করা ছাড়া বিশ্বমানের খেলোয়াড় তৈরি সম্ভব নয়। ‘এ’ গ্রেডপ্রাপ্ত কোচরা দেশের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল খেলোয়াড় গড়ে তুলবেন।
উল্লেখ্য, উক্যহ্লা মারমা ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান) এবং অ্যাক্রেডিটেড কোচ হিসেবে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে স্বীকৃত। তাঁর প্রশিক্ষণে শৈনাই মারমাসহ অন্যান্য খেলোয়াড়রা ২০২৩-২০২৪ সালে দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা এবং ভারতের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন।
২২৬ বার পড়া হয়েছে