সালথায় গরু চুরি ব্যর্থ, ট্রাকে আগুন দিলো ক্ষুব্ধ জনতা
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে গরু চুরির চেষ্টা ভেস্তে গেছে স্থানীয়দের তৎপরতায়।
ধাওয়া খেয়ে চোরেরা পালিয়ে গেলেও রেখে যায় একটি ট্রাক, যা পরে আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের বাসিন্দা রণ গোপাল (৫৫)–এর গোয়ালঘরে ঢুকে গরু চুরির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। শব্দ পেয়ে তিনি ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এলে চোরেরা পরিস্থিতি বেগতিক দেখে গরু ফেলে পালিয়ে যায়।
পালানোর সময় চুরির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯ নম্বরের একটি ট্রাক ঘটনাস্থলে ফেলে যায় তারা। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চুরি চেষ্টায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত চোর চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
১২৬ বার পড়া হয়েছে